ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।
তিনি জানান, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে আপিল করা যাবে। নির্বাচন কমিশন ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করবে।
ইসি সচিব জানান, প্রার্থীরা ৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, এই উপনির্বাচনে মোট ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন নিবন্ধিত ভোটার ৯৮৯টি কেন্দ্রে ভোট দেবেন। এতে দায়িত্বে থাকবেন মোট ৩ হাজার ১৫২ জন কর্মকর্তা। তাদের মধ্যে ১৮৫ জন প্রিসাইডিং অফিসার, ৯৮৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং অফিসার।
আখতার আহমেদ জানান, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দেশি-বিদেশি ভোটারদের জন্য প্রায় ৫ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট বিতরণ করা হবে।
৭ সেপ্টেম্বর ইসি সচিব জানিয়েছিলেন, দেশি ও প্রবাসী ভোটাররা যেন আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন, সেজন্য প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, পূজা ও পরীক্ষার বিষয়গুলো বিবেচনা করেই এই নির্বাচনী এলাকার ভোটের তারিখ নির্ধারণ করা হবে।
গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে।
আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

