ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই আটক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল হোসেন (৩৫) ওই এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে (৪০) আটক করেছে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বড় ভাই মোরশেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় কাজ করেন। বুধবার রাতে নাইট শিফট শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে তিনি ঘুমাতে যান। সেসময় আশপাশে শিশুদের হইচই শুনে মোরশেদ তাদের বকাঝকা করেন। এতে ছোট ভাই ফয়সাল আপত্তি জানালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তারা বাড়ি থেকে বের হয়ে যান।

দুপুরে দুই ভাই বাড়ি ফিরলে আবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মোরশেদ। আহত ফয়সালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Latest Posts