ছিনতাইকারীর হামলায় আহত ভাইকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় বোন নিহত

ছিনতাইকারীদের হামলায় আহত ভাইকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বোন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের মেয়েসহ দুজন আহত হয়েছেন।

রাজধানীর বাড্ডার সাঁতারকুলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম (৩৭) মেয়েকে নিয়ে মানিকগঞ্জ থেকে বাড্ডায় আহত ভাইকে দেখতে আসছিলেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতের চাচাতো ভাই মো. হিরন জানান, সোমবার ভোরে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের হামলায় আহত হন সেলিনার ভাই এমেদ আলী (৫০)। আহত ভাইকে দেখতে বাড্ডায় তার বাসায় যাচ্ছিলেন সেলিনা। সাঁতারকুল সড়কে একটি গাড়ি তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সেলিনা নিহত হয় এবং তার মেয়ে ও আরেকজন আহত হয়।

ওসি নাসিরুল আমিন জানান, অটোরিকশাটিকে ধাক্কা দেওয়ার পর গাড়িটি রূপগঞ্জের দিকে চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। সেটি শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ডেইলি স্টারকে জানান, সোমবার ভোরে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের হামলায় আহত এমেদ আলী জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় যান।

স্বজনরা জানান, ছিনতাইকারীরা তার হাত, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তার কাছে থাকা ৬২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়।

Related Articles

Latest Posts