ছবি ছাড়া এনআইডি পেতে রিট আবেদন হাইকোর্টে খারিজ

ধর্মীয় পর্দা পালনকারী ব্যক্তিদের জন্য ছবি ছাড়া বিকল্প জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থা চালুর নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রিট আবেদনকারীর আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার হাইকোর্টের দেওয়া এ রায়ের পর জাতীয় পরিচয়পত্র পেতে ছবি দেওয়া বাধ্যতামূলকই থাকছে।

এনআইডিতে ছবির পরিবর্তে বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে বিকল্প পরিচয়পত্রের ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এসএম সাইফুল ইসলামের বেঞ্চ আজ এ রায় দেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াস আলী মণ্ডল এবং নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী কামাল হোসেন মিয়াজী শুনানিতে অংশ নেন।

ঢাকার শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমদ মুনা ২০২২ সালে রিট আবেদনটি করেন। তিনি জানান, ইসলামের পর্দার বিধান মেনে চলায় তিনি ছবি তোলা থেকে বিরত থাকেন।

আইনি কার্যক্রমে তার পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য তিনি তার স্বামী মুহাম্মদ আরিফুর রহমানকে অনুমতি দিয়েছিলেন।

২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ছবি ছাড়া বিকল্প প্রক্রিয়ায় এনআইডি দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন মুনা।

তিনি জানান, একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং নিয়মিত ইসলামী ধর্মীয় বিধান পালন করায় তিনি ছবি তোলেন না। ছবি না তোলার সিদ্ধান্তের কারণে তার কোনো এনআইডি নেই। এর ফলে তিনি বিভিন্ন সরকারি ও অন্যান্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নির্বাচন কমিশন তার আবেদনটি নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টে যান।

২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চান, ছবির পরিবর্তে বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে বিকল্প পরিচয়পত্রের ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না।

শুনানিতে রাষ্ট্রপক্ষ এই আবেদনের বিরোধিতা করে যুক্তি দেয়, এ ধরনের আবেদন সংবিধানবিরোধী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পেতে ছবি প্রয়োজন। হজে যাওয়ার জন্য হজযাত্রীদেরও ছবি দিতে হয় এবং ব্যাংক হিসাব খোলা ও আর্থিক সেবা নিতে হলেও ছবি প্রয়োজন। বায়োমেট্রিক পরিচয় শনাক্তকরণের জন্যও আইরিস স্ক্যানসহ শরীরের কিছু শারীরিক বৈশিষ্ট্য প্রয়োজন, যার জন্যও ওই ব্যক্তিকে মুখ অনাবৃত করতে হবে।

বিষয়টি বিবেচনা করে হাইকোর্ট আজ রুলটি খারিজ করে দিয়েছেন।

Related Articles

Latest Posts