নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
একইসঙ্গে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল ও নতুন নিয়োগের গেজেট বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের মতো আজ শনিবারও পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করেছেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গত বৃহস্পতিবার অনলাইনে চুয়েটে যোগ দেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এর পরিপ্রেক্ষিতে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি।
গতকাল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসান কর্মবিরতির ঘোষণা করেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগের পর গত পাঁচ দিন ধরে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী-শিক্ষকরা। পরে এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও।
আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ ও নতুন উপাচার্যকে ‘লাল কার্ড’ দেখান শিক্ষার্থীরা। তারা চুয়েটের বিভিন্ন ভবনে নিজেদের দাবির পক্ষে গ্রাফিতি আঁকেন।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এ আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

