চাকরিতে পুনর্বহালের পর অতিরিক্ত ডিআইজি হলেন কোহিনুর মিয়া

চাকরিতে পুনর্বহালের এক মাস পর অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া।  

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১১ বছরের ভূতাপেক্ষ কার্যকারিতাসহ এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এক দশকের বেশি সময় আগে চাকরিচ্যুত কোহিনূর মিয়াকে ভূতাপেক্ষভাবে চতুর্থ গ্রেডে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এর আগে, গত ৯ মার্চ সরকার তার পূর্বের চাকরিচ্যুতির সময়কালকে ‘অ্যাক্টিভ সার্ভিস’ বা কর্মরত হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেয়। এতে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য হন।

২০১১ সালে তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত কোহিনূর মিয়াকে ওই বছরের ২২ ফেব্রুয়ারি চাকরি থেকে অপসারণ করে পতিত আওয়ামী লীগ সরকার।

দুটি বিভাগীয় মামলায় আপিল পর্যালোচনার পর কোহিনুর মিয়ার বিরুদ্ধে দেওয়া আগের বরখাস্তের আদেশ বাতিল করে পুনর্বহাল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়ম অনুযায়ী তিনি বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য সব পাওনাদি পাবেন।

Related Articles

Latest Posts