২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় সাতক্ষীরা কারাগার ভাঙচুরের পর পালিয়ে যাওয়া দুই বন্দিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে কাছারি ব্রিজ এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটওয়ারীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ওসি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভাঙচুরের পর পালিয়ে যাওয়া ওই দুই বন্দিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগার থেকে পালানোর পর তারা আত্মগোপনে ছিলেন।
কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্য বন্দিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

