চট্টগ্রাম বন্দরের ১৫১ টন ঝুঁকিপূর্ণ রাসায়নিক ধ্বংস শুরু

চট্টগ্রাম বন্দরে নয়টি কনটেইনারে পড়ে থাকা ১৫১ টন মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ রাসায়নিক ধ্বংসের কার্যক্রম শুরু করেছে কাস্টমস হাউস।

আজ শনিবার সকালে পুলিশ পাহারায় রাসায়নিক বহনকারী যানগুলো চট্টগ্রাম বন্দর থেকে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের উদ্দেশে রওনা হয়।

অ্যাসিড ও অ্যাসিডজাতীয় পদার্থসহ এসব রাসায়নিক ২০০৩ সাল থেকে বন্দরে পড়ে ছিল। এতে বন্দর নিরাপত্তা ও পরিবেশ ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি কনটেইনার জটও বাড়ছিল।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, আমদানির পর রাসায়নিকগুলো খালাস করা হয়নি। দীর্ঘদিন বন্দরের ইয়ার্ডে পড়ে থাকায় সেগুলো ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
 
তিনি আরও বলেন, এসব রাসায়নিকের মধ্যে রয়েছে ২৫ দশমিক ৫৫ টন সালফিউরিক অ্যাসিড, ৫০০ কেজি নাইট্রিক অ্যাসিড, ৯২ দশমিক ৫৪ টন মিথানল ও ৩২ দশমিক ৩০ টন থিনার।

রাসেল আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) সুপারিশ এবং ধ্বংস কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডের মাধ্যমে পরিবেশসম্মত ও বিধিসম্মত উপায়ে এসব রাসায়নিক ধ্বংস করা হচ্ছে।

Related Articles

Latest Posts