‘গুপ্ত’ শব্দচয়ন প্রধানমন্ত্রী পদের সঙ্গে যায় না: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম বলেছেন, দেওয়ালে যে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, সেই শব্দটি প্রধানমন্ত্রী চয়ন করেছেন, যা তার পদের সঙ্গে যায় না।

তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে আর কোনো ট্যাগিং বা গণরুম সংস্কৃতির রাজনীতি ফিরে আসুক, আমরা তা চাই না।

আজ বুধবার চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন শিবিরকর্মীদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাকসু ভিপি এসব কথা বলেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে আমরা যেমন দেখেছি, ছাত্রলীগ ও পুলিশ এক হয়ে বিরোধীদের ওপর হামলা করতো। গতকালও দেখা গেছে, ছাত্রদলের বহিরাগত ক্যাডারেরা ধারালো অস্ত্র হাতে পুলিশের সামনে শিবিরের শান্তিপূর্ণ মিছিলে হামলা করছে। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

দেওয়ালে ‘গুপ্ত’ শব্দটি লেখাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, এই শব্দ আমরা ধারণ বা বর্জন কোনোটাই করি না। কে কাকে ‘গুপ্ত’ বলল, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।

তিনি জানান, শিবিরের পাহাড়তলী ওয়ার্ড ইউনিটের সভাপতি আশরাফুল আলমের একটি পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। চিকিৎসকরা অপারেশন সম্পন্ন করলেও আগামী তিন দিনের মধ্যে তা জোড়া না লাগলে পা কেটে ফেলার আশঙ্কা রয়েছে।

প্রশাসনের কঠোর সমালোচনা করে শিবিরের সাদিক কায়েম বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা যদি দায়মুক্তি পায়, তবে সারা দেশের ক্যাম্পাসগুলোতে এভাবেই হামলা চালানোর সাহস পাবে।

এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনারা কি সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন কি না, তা খোলাখুলি জানান। তাহলে আমরাও আপনাদের সেভাবে ডিল করব।

Related Articles

Latest Posts