খাগড়াছড়িগামী বাসে চবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, যাত্রীর বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িগামী লোকাল বাসে যৌন হয়রানির অভিযোগ মামলা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থী।

আজ শুক্রবার বিকেলে ওই শিক্ষার্থী বাসে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বাসযাত্রী মোহাম্মদ জসিম ফটিকছড়ির ভুজপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান দ্য ডেইলি স্টারকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার অনুযায়ী, ওই শিক্ষার্থী বাসে জানালার পাশে বসা ছিলেন। পেছনের সিটে বসা যাত্রী সিগারেটের ছাই ফেলার অজুহাতে তাকে স্পর্শ করেন। ওই শিক্ষার্থী এর প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাতে শুরু করেন।

পরে বাসের অন্য যাত্রীরা সেখানে হস্তক্ষেপ করেন এবং হাটহাজারীতে অভিযুক্তকে বাস থেকে নেমে যেতে বাধ্য করেন।

পরে বাসটি ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে থামলে, অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশায় এসে আবারও ওই বাসে ওঠেন এবং ওই শিক্ষার্থীকে হয়রানি করেন ও হুমকি দেন।

পরে বাসের যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়।

ওই শিক্ষার্থী ডেইলি স্টারকে বলেন, ওই লোক সিগারেটের ছাই ফেলার অজুহাতে আমার শরীরে হাত দেন। আমি ও বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে তিনি হুমকি দেওয়া শুরু করেন। বাস থেকে নামিয়ে দেওয়া হলেও পরে তিনি আবার বাসে উঠে আমাকে শারীরিক হয়রানি করেন।’

ওসি রবিউল বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

Related Articles

Latest Posts