কুড়িগ্রামে ২১৫০ কেজি সার উদ্ধার, অবৈধ মজুতের অপরাধে দুজনকে লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে সার মজুতের অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, রাতভর অভিযানে দুই হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে।

উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অবৈধভাবে সার মজুত করা হয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক অভিযানে অংশ নেন।

সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ইসলামপুর এলাকার বেলাল মিয়া ও মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালালে ৪২টি বস্তা থেকে দেড় হাজার কেজি ইউরিয়া ও ৬৫০ কেজি ডিএপি সার পাওয়া যায়।

মামুন জানান, সারের বস্তাগুলো গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলায় লুকিয়ে রাখা ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানিয়েছেন, বেলাল ও মানিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Latest Posts