কালীগঙ্গা নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচে যা থাকছে

কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে এখন অপেক্ষার পালা। খেল্লা, গয়ইটা, ঘাসি, ছিপা, ছান্দি, পাংসির মতো নানা বাহারি নাম ও গড়নের নৌকা ভিড় করেছে নদীর দুই পাড়ে।

নদীর শান্ত জল কেটে ছুটবে সারি সারি নৌকা। বৈঠার ছন্দে বদলে যাবে নদীর চেহারা। কার নৌকা সবার আগে যাবে, কার বৈঠার ছন্দ সবচেয়ে দ্রুত—তা দেখতে নদীর তীরে ভিড় করবেন দর্শনার্থীরা।

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে আগামীকাল শনিবার দুপুরে শুরু হচ্ছে এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

এই প্রতিযোগিতা শুধু পুরস্কার বা জয়ী হওয়ার জন্য নয়, আরও বেশি কিছু জড়িয়ে আছে এই আয়োজনের সঙ্গে। নদী, নৌকা, বৈঠা আর মানুষের মিলনে কালীগঙ্গার তীরে ফিরে আসবে গ্রামবাংলার সেই পুরোনো উৎসব।

এবার কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়া উপজেলাসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার ২২টি নৌকা বাইচে অংশ নেবে।

এর মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ৪টি ছান্দি ও ৩টি পাংসি নৌকা রয়েছে। নৌকার পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও অংশ নেবে প্রতিযোগিতায়।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১০টায় প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোকে টোকেন দেওয়া হবে। দুপুর ১২টায় শুরু হবে বাছাই পর্ব।

এবার প্রথমবারের মতো এই বাইচে অংশ নিচ্ছে কুড়িগ্রামের রৌমারীর খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’।

নৌকার মাঝি মজিবুর রহমান বলেন, ‘গত বুধবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রাম থেকে নৌকা নিয়ে রওয়ানা হই আমরা। ব্রহ্মপুত্র নদ থেকে বিভিন্ন নদী হয়ে কালীগঙ্গার বেউথা ঘাটে পৌঁছাতে সময় লেগেছে ৩ দিন।’

তিনি আরও জানান, ভারতের শাল কাঠ দিয়ে প্রায় এক বছর ধরে নৌকাটি তৈরি করেছেন তারা। খরচ হয়েছে প্রায় ছয় লাখ টাকা।

প্রথমবার অংশ নিলেও জয়ের ব্যাপারে আশাবাদী কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’।

আয়োজকরা জানান, বাছাইপর্ব হবে ঘাসি ও খেল্লা নৌকার মধ্যে। ছান্দি ও পাংসি নৌকাগুলি সরাসরি মূল পর্বে অংশ নেবে। চার ক্যাটাগরিতে হবে এই প্রতিযোগিতা। এর মধ্যে খেল্লা-গয়ইটা ও ঘাসি-ছিটা বাইচে বিজয়ী নৌকাকে দেওয়া হবে ১০০সিসি মোটরসাইকেল। আর ছান্দি ও পানসি বাইচে বিজয়ীকে দেওয়া হবে ২টি ইলেকট্রিক বাইক।

এছাড়া বাইচে অংশ নেওয়া সব নৌকার জন্য রয়েছে বিশেষ পুরস্কার ‘৮ সিএফটি ফ্রিজ’। সঙ্গে দেওয়া হবে একটি পিতলের কাপও।

জেলা বিএনপি আয়োজিত এই নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মানিকগঞ্জ-৩ আসনের এমপি ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

এছাড়া মানিকগঞ্জ-১ আসনের এমপি এস এ জিন্নাহ কবীর ও মানিকগঞ্জ-২ আসনের এমপি মঈনুল ইসলাম খানসহ জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারাও থাকবেন।

Related Articles

Latest Posts