রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে তারকার অভাব নেই। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম থেকে ফেদেরিকো ভালভার্দে, সবাই নিজেদের জায়গায় বিশ্বসেরা। তবে নতুন কোচ জোসে মরিনহোর কাছে নামের চেয়ে গুরুত্বপূর্ণ মাঠের পারফরম্যান্স। জানিয়ে দিলেন, বড় বড় কথা বলা সহজ, কিন্তু মাঠে তার প্রমাণ দেওয়া অনেক কঠিন।
এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে রিয়ালের একাধিক বিষয় নিয়ে কথা বলেন মরিনহো। সেখানেই দিওমন্দের মন্তব্য প্রসঙ্গে তারকা খেলোয়াড়দের প্রতি নিজের বার্তা স্পষ্ট করেন পর্তুগিজ কোচ।
দিওমন্দে সম্প্রতি বলেছিলেন, তিনি মরিনহোর জন্য ‘মরে যেতেও প্রস্তুত’। খেলোয়াড়ের এমন মন্তব্য পছন্দ হয়েছে মরিনহোর। তবে কোচের চেয়ে ক্লাব ও দলের জন্য একই আবেগ দেখানোর পক্ষেই তিনি বেশি জোর দিয়েছেন।
‘তার কথাগুলো আক্ষরিক অর্থে না নিলে, এটা এমন একটি অভিব্যক্তি যা আমার ভালো লাগে। তবে আমি চাইতাম সে বলুক, সে দলের জন্য, রিয়াল মাদ্রিদের জন্য মরতেও প্রস্তুত,’ বলেন মরিনহো। এরপরই আসে তার মূল বার্তা, ‘কথা বলা সহজ, কিন্তু কাজ করা কঠিন।’
দিওমন্দের আচরণে এখন পর্যন্ত এমন কোনো সমস্যা দেখেননি তিনি। বরং দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই দায়িত্ববোধ ও সঠিক কাজ করার আগ্রহ দেখছেন। ‘দিওমন্দের কাজগুলোও অন্য সবার মতোই। আমি তাদের নিবেদিত এবং সঠিক কাজ করার জন্য আগ্রহী দেখতে পাচ্ছি। দলটা বেড়ে উঠছে, ঐক্যবদ্ধ হচ্ছে,’ বলেন তিনি।
রিয়ালে যোগ দেওয়ার পর নিজের ওপর চাপ নিয়েও কথা বলেন মরিনহো, ‘আমি এটাকে চাপ বলি না, আমি এটাকে উৎসাহ বলি। এটা ইতিবাচক অনুভূতি। যেদিন আমি এই উৎসাহ অনুভব করব না, সেদিন বুঝতে হবে কোথাও সমস্যা আছে।’
এস্পানিওলের বিপক্ষে ম্যাচটি রিয়ালের জন্য মৌসুমের প্রথম লিগ অ্যাওয়ে ম্যাচ। বিশ্বকাপে অংশ নেওয়া ক্লাবগুলোর খেলোয়াড়দের বাড়তি বিশ্রামের সুযোগ দিতে রিয়ালের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম ম্যাচটি স্থগিত হয়েছিল। এস্পানিওল অবশ্য মৌসুমের শুরুটা করেছে দুর্দান্তভাবে। লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে তিন পয়েন্টের পাশাপাশি পেয়েছে ক্লিন শিটও।
প্রতিপক্ষকে তাই মোটেও হালকাভাবে নিচ্ছেন না মরিনহো, ‘তারা ভালো দল। দীর্ঘদিন একই কোচের অধীনে থাকা দলগুলো খুব ভালোভাবে প্রস্তুত থাকে। তাদের নিজস্ব রুটিন ও খেলার ধরন আছে। তারা ভালো ফুটবল খেলে এবং তাদের উচ্চাকাঙ্ক্ষাও অনেক।’
দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট মরিনহো। তবে খেলোয়াড়দের প্রস্তুতিতে ভিন্নতা থাকায় কাজটা সহজ ছিল না বলে জানান তিনি, ‘কেউ ৩৬টি অনুশীলন ও ছয়টি ম্যাচ খেলেছে, আবার কেউ খুব কম ম্যাচ ও সীমিত অনুশীলন করেছে। তাই সবাইকে নিয়ে আলাদা ধরনের অনুশীলন করতে হয়েছে।’
সফল মৌসুমের মাপকাঠি কী, এ প্রশ্নেও মরিনহোর উত্তর ছিল সোজাসাপ্টা, ‘অনেকভাবে বিষয়টি দেখা যায়। কিন্তু বাস্তবিক একমাত্র উপায় হলো ফলাফলের দিকে তাকানো। রিয়াল মাদ্রিদে মৌসুম শেষে কোনো ট্রফি না থাকলে সেটি সফল মৌসুম নয়।’

