বাংলাদেশের জন্য সেশনটা হতাশার। অল্প পুঁজি নিয়ে নেমে বারবার সুযোগ তৈরি করলেও এখনো পর্যন্ত ফেলা যায়নি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং আর জন ক্যাম্পবেল মিলে এনে ফেলেছেন দারুণ শুরু। দ্বিতীয় সেশনে উইকেট ফেলতে না পারলেও ক্যারিবিয়ান ওপেনারদের থামাল বৃষ্টি।
মিরপুর টেস্টের চতুর্থ দিনে ১৭০ রানের লক্ষ্যে ক্যারিবিয়ানদের সংগ্রহ বিনা উইকেটে ৬৪। কিং ২৯ ও ক্যাম্পবেল ২৭ রান করে ক্রিজে আছেন। ম্যাচ জিততে তাদের চাই ১০৬ রান, বাংলাদেশের ১০ উইকেট। এই অবস্থায় সফরকারীরাই চালকের আসনে। যদিও উইকেট ও কন্ডিশন বলছে এখনো যেকোনো সময় মোড় ঘুরে যেতে পারে ম্যাচের।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৪.১ ওভারের পর মিরপুরে আকাশ অন্ধকার করে নামে বৃষ্টি। তাতে খেলা বন্ধ আছে। ঘড়ির কাটায় তখন দুপুর ১টা।
এর আগে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। সকালের সেশনে টেল এন্ডারদের নিয়ে নাঈম হাসান ফিফটি করে আনেন লড়াইয়ের পুঁজি।

