এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে, ৩ উপজেলায় নিরাপত্তা জোরদার

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার মুখোমুখি হওয়ার পর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

আজ বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একটি আলোচনা সভা ছাড়াও গোলাপগঞ্জ, কানাইঘাট ও ওসমানীনগরে তাদের পৃথক সমাবেশের আয়োজন করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ শীর্ষ নেতাদের আগমনকে কেন্দ্র করে সিলেট নগরী, শাবিপ্রবি ক্যাম্পাস এবং সংশ্লিষ্ট তিন উপজেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিয়মিত পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে আজ দুপুর পৌনে ১টায় এনসিপি নেতারা সিলেট নগরীতে পৌঁছালে স্থানীয় জেলা ও মহানগর নেতারা তাদের স্বাগত জানান। পরে নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারী শাবিপ্রবিতে গিয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।

একই সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সাত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় যোগ দিতে এনসিপির আরেকটি প্রতিনিধিদল গোলাপগঞ্জ পৌরসভা হলরুমে পৌঁছায়।

এদিকে সকাল ১১টা থেকেই গোলাপগঞ্জ পৌরসভা এলাকা, চৌমুহনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। একই সময়ে সেখানে এনসিপি নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও তার অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও জমায়েত হতে থাকেন।

বেলা ১টার দিকে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।

সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার জেলাজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনসিপির সিলেট জেলা শাখার সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ জানান, গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কানাইঘাট ও ওসমানীনগরে জনসভায় অংশ নেবেন। পরদিন শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে তাদের পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেন এনসিপি নেতারা। 

এর প্রতিবাদে গতকাল বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হলে মৌলভীবাজার থেকে সেখানে যাওয়ার পথে শ্রীমঙ্গল, রশিদপুর ও বাহুবলের কামাইছড়া এলাকায় একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে দলটির কেন্দ্রীয় নেতাদের বহর।

পরে নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দেয়। রাতে মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান শেষে আজ বৃহস্পতিবার সকালে তারা সিলেটের উদ্দেশে রওনা হন।

 

Related Articles

Latest Posts