একসঙ্গে কয়টি সিনেমায় অভিনয় করেছেন শাবানা ও ববিতা

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে শাবানা ও ববিতা দুটি আলাদা অধ্যায়ের নাম। দুজনই নিজেদের জায়গায় শীর্ষে ছিলেন। পর্দায় তাদের দেখার জন্য দর্শকের আলাদা একটা আগ্রহ ছিল। তবে, এই দুই কিংবদন্তি অভিনেত্রী দীর্ঘ অভিনয় জীবনে একসঙ্গে খুব বেশি সিনেমায় অভিনয় করেননি।

শাবানা ও ববিতার মধ্যে সুস্থ একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু রেষারেষি ছিল না। দুজন দুজনার প্রশংসা করেছেন বিভিন্ন সময়ে। পুরোনো সিনেমাগুলোর কথা যখন আসে, এই দুই কিংবদন্তি নায়িকার কথা আলোচনা হয়। ফিরে আসে চলচ্চিত্রের সোনালি অধ্যায়ের কথা।

সেই সময়ে নায়িকারা ছিলেন সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ। তাদের অভিনয়, সংলাপ, গান—সবকিছু নিয়েই দর্শকের ছিল তুমুল আগ্রহ। দুই উজ্জ্বল নক্ষত্রকে একসঙ্গে সিনেমার পর্দায় পাওয়া ছিল দর্শকের জন্য বিশেষ প্রাপ্তি।

শাবানা আবেগ ও অভিনয়ের গভীরতার জন্য অনন্য এবং ববিতা অভিনয়ে এক ধরনের সৌন্দর্য ও সংবেদনশীলতার জন্য অনন্য ছিলেন।

এই দুজন যখন একই ফ্রেমে এসেছেন, তখন দর্শকের কাছে তা হয়ে উঠেছে বিশেষ এক মুহূর্ত। তারা একসঙ্গে অভিনয় করেছেন মাত্র পাঁচটি সিনেমায়।

তারা একসঙ্গে প্রথম অভিনয় করেন সাইফুল আজম কাশেম পরিচালিত ‘সোহাগ’ সিনেমায়। সেখানে নায়ক ছিলেন রাজ্জাক ও বুলবুল আহমেদ। এটি ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল।

এরপর তাদের দেখা যায় আলমগীর কুমকুম পরিচালিত ‘কাপুরুষ’ সিনেমায়। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক ও আলমগীর।

দারাশিকো পরিচালিত ‘ফকির মজনু শাহ’ সিনেমায় ববিতা ও শাবানা অভিনয় করেছেন উজ্জ্বল ও জাফর ইকবালের সঙ্গে।

‘বারুদ’ সিনেমায় শাবানা ও ববিতার সঙ্গে ছিলেন সোহেল রানা, ওয়াসিম, আজিম, জসিম, সুজাতাসহ অনেকেই। দেওয়ান নজরুল পরিচালিত সিনেমাটি ১৯৭৯ সালের ১ জুন মুক্তি পেয়েছিল।

শাবানা ও ববিতা অভিনীত পঞ্চম সিনেমাটি হলো সিরাজুল ইসলাম সিরাজ পরিচালিত ‘সোনার হরিণ’। এই সিনেমায় অভিনয় করেছেন রাজ্জাক, বুলবুল আহমেদ, কবরী, সুচরিতা প্রমুখ। ১৯৭৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

Related Articles

Latest Posts