একমাত্র সেনাবাহিনীর পক্ষে পার্বত্য অঞ্চলে শান্তি পুনঃস্থাপন সম্ভব: ড. ইফতেখারুজ্জামান

পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠার কাজ একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী করতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি আরও বলেছেন, রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র কিংবা সরকারের একার পক্ষে সেখানে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।

আজ বুধবার প্রেসক্লাবে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ আয়োজিত সরকারের ৫ মাসে চুক্তি বাস্তবায়ন অগ্রগতি শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমি বিশ্বাস করি সেনাবাহিনীর সেই সক্ষমতা আছে। সদিচ্ছা আছে কি না সেটা আমাদের প্রশ্ন।’

পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তির বিষয়ে তিনি বলেন, ‘বাস্তব কথা হচ্ছে টেকসই শান্তি স্থাপন। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে, পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি স্থাপন। যদি সেটা মিন করা হয় তাহলে সেটা সম্ভব…কিন্তু নির্ভর করছে কতটুকু সদিচ্ছা আছে।’

‘সেটি কি আসলেই বর্তমানে প্রচলিত “ডিভাইড অ্যান্ড রুল” নীতি থেকে সরে এসে একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণের প্রকৃত সদিচ্ছা থাকলেই কেবল সেখানে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব,’ বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান পার্বত্য অঞ্চল নিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলো নিয়মিত পর্যালোচনা করা এবং তা বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে তিনি ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ সংগঠনের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি তিনি ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন, সময়সীমাবদ্ধ বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন এবং এই প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে সেনাবাহিনীর নেতৃত্বে তা পরিচালনার দাবি জানান।

Related Articles

Latest Posts