জুলাই গণঅভ্যুত্থানের সময় মরদেহ পোড়ানোর অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রয়েছে।
আজ রোববার হাইকোর্টের দেওয়া তিন মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে এক মামলার শুনানি শেষে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
মমতাজের আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু দ্য ডেইলি স্টারকে বলেন, ১৫ জুন হাইকোর্ট ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দুজন নিহত ও একটি হত্যাচেষ্টার ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা তিনটি মামলায় মমতাজকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে আদালত তিনটি পৃথক রুল জারি করে জানতে চান, কেন এসব মামলায় মমতাজকে স্থায়ী জামিন দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মমতাজ আরও তিনটি মামলার আসামি।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে মমতাজের পক্ষে আইনজীবী মোতাহের হোসেনের সঙ্গে আইনজীবী মোসাম্মৎ খায়রুন নেছা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন।
গত বছরের ১২ মে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। পরে একটি মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ১৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।

