পাবনার ঈশ্বরদী উপজেলায় মেহেদী হাসান আকিব (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।
নিহত আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আকিব। এরপর পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
বুধবার ভোরে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় আকিবকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানান ওসি।
পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। রাজশাহী নেওয়ার পথে সকাল ১০টার দিকে লালপুর এলাকায় আকিবের মৃত্যু হয়। পরে স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
আকিবের বাবা আনিসুর রহমান অভিযোগ করেন, তার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
ওসি আসাদুর রহমান বলেন, আকিবের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কোথায় এবং কারা তাকে নির্যাতন করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

