ইয়েমেনের বন্দরনগরী হোদাইদার দক্ষিণে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘনিষ্ঠ এক সামরিক কর্মকর্তা।
আজ রোববার এএফপিকে ওই কর্মকর্তা জানান, শনিবার ভোরে হোদাইদার দক্ষিণাঞ্চলের হাইস জেলায় কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সরকারপন্থী বাহিনী হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়।
তিনি বলেন, সংঘর্ষে হুতিদের মধ্যেও হতাহত হয়েছে, তবে বিদ্রোহী গোষ্ঠীটির কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে তিনি কোনো সংখ্যা জানাননি।
২০১৫ সাল থেকে হুতিরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
বর্তমানে হুতিরা রাজধানী সানা এবং উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদাইদাও রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে বড় ধরনের লড়াই অনেকটাই স্থবির ছিল।
তবে শুক্রবার হুতিরা ইয়েমেনের এডেনভিত্তিক সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দেয়। তাদের অভিযোগ, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে রিয়াদ।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী ইরানের তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর অংশ হিসেবে বিবেচিত হুতি গোষ্ঠী এ অভিযোগ তোলে।
ইয়েমেন উপকূলে কার্গো জাহাজে হামলা
এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে একটি কার্গো জাহাজ সশস্ত্র হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সংস্থাটি জানায়, হোদাইদা বন্দরনগরী থেকে প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত জাহাজটি থেকে তারা বিপদ সংকেত পেয়েছে।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ইউকেএমটিও। একইসঙ্গে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

