ইউক্রেনকে ১ হাজার সৈন্যের মরদেহ ফেরত দিলো রাশিয়া

ইউক্রেনকে যুদ্ধে নিহত ১ হাজার সৈন্যের মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া।

একটি রুশ সূত্রের বরাতে আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেনে বলা হয়, বিনিময় চুক্তির আওতায় ইউক্রেনও ৪১ জন নিহত রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে। যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ দুই পক্ষ নিয়মিত বিনিময় করে থাকে। চার বছর ধরে চলা রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানে শুরু হওয়া যুদ্ধে এটি সহযোগিতার বিরল কয়েকটি ক্ষেত্রের একটি।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ভিডিও সংস্থা রাপ্টলির প্রকাশিত ফুটেজে দেখা যায়, কিছু লোকজন একটি ট্রাকের পেছন থেকে সাদা মরদেহের ব্যাগ নামিয়ে অন্য একটি গাড়িতে তুলছেন। ভিডিওটিতে রেড ক্রসের চিহ্নযুক্ত পর্যবেক্ষকদেরও দেখা গেছে।

ইউক্রেনের যুদ্ধবন্দীদের ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সদর দপ্তর সামাজিক মাধ্যমে মরদেহ হস্তান্তরের নিশ্চিত করেছে।

তারা জানায়, ‘রাশিয়ার দাবি—ফেরত দেওয়া মরদেহগুলো ইউক্রেনীয় সেনাসদস্যদের।’

এর আগে কিয়েভ অভিযোগ করেছিল, ইউক্রেনীয় সেনাদের মরদেহ বলে দাবি করা লাশগুলোর মধ্যে নিহত রুশ সৈন্যদের মরদেহও অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

সমন্বয় সদর দপ্তর আরও জানিয়েছে, ‘মরদেহগুলোর পরিচয় শনাক্ত হওয়ার পর সেগুলো সম্মানজনক দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

গত মাসে রেড ক্রস জানিয়েছিল, তারা প্রতি মাসে প্রায় ১ হাজার মরদেহ বিনিময়ে সহায়তা করছে এবং হাজারো মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের শুরু করে। এই যুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উভয় পক্ষের বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।

Related Articles

Latest Posts