ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মুম্বাইয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তার ছেলে আনন্দ ভোসলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, মা আর নেই। তার শেষকৃত্য আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুষ্ঠিত হবে।
এর আগে, গতকাল তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।
আশা ভোসলে প্রায় ৮ দশক ধরে সংগীত জগতে সক্রিয় ছিলেন। এ সময়ে তিনি অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন।
মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন। শুরুতে মূলত নাচের গান বা হালকা ধরনের গান গাওয়ার জন্য পরিচিতি পেলেও, পরে তিনি গজল এবং ধ্রুপদী সংগীতেও সমান দক্ষতা দেখান।
ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন আশা ভোসলে। এর মধ্যে আছে—১৯৮১ সালে প্রথম জাতীয় পুরস্কার, ১৯৮৮ সালে দ্বিতীয় জাতীয় পুরস্কার, ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ।
২০২২ সালে তিনি শেষ হিন্দি চলচ্চিত্রের গান রেকর্ড করেন। ৯১ বছর বয়সে ‘সাইয়াঁ বিনা’ নামে একটি একক গান প্রকাশ করেন। এই গানটি প্রয়াত স্বামী আর. ডি. বর্মনকে উৎসর্গ করেন।

