‘আমি জানি না’, ফ্রেঞ্চ ওপেনে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত জোকোভিচ

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নটা এবারও সত্যি হলো না নোভাক জোকোভিচের। গত শুক্রবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে জোয়াও ফনসেকার কাছে হেরে বিদায় নিয়েছেন তিনি। এই হারের পর ৩৯ বছর বয়সী জোকোভিচ জানিয়েছেন, রঁলা গাঁরোতে তিনি আর কখনো খেলবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন।

কোর্টে প্রায় পাঁচ ঘণ্টার এক মহাকাব্যিক লড়াইয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান ব্রাজিলিয়ান তরুণ ফনসেকা। প্রথম দুই সেটে হেরে পিছিয়ে পড়ার পরও জোকোভিচকে ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ ব্যবধানে হারিয়ে দেন তিনি।

২০০৯ সালের পর ফ্রেঞ্চ ওপেনে এটিই জোকোভিচের সবচেয়ে আগেভাগে বিদায় নেওয়ার ঘটনা। ম্যাচ শেষে ফিলিপ-শ্যাত্রিয়ে কোর্টের দর্শকদের উদ্দেশ্যে বুক ছুঁয়ে ভালোবাসার ভঙ্গি (হার্ট জেসচার) দেখিয়ে মাঠ ছাড়েন এই সার্বিয়ান তারকা।

আগামী বছর টুর্নামেন্টে আবার ফিরবেন কি না, এমন প্রশ্নে জোকোভিচের সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘আমি জানি না।’

২০২৩ সালের ইউএস ওপেনের পর আর কোনো মেজর জিততে পারেননি জোকোভিচ; ২৪টি গ্র্যান্ড স্ল্যাম নিয়েই আটকে আছেন তিনি। ট্রফি সংখ্যা বাড়ানোর জন্য এবার তার সামনে দারুণ সুযোগ ছিল। বিশ্বসেরা জানিক সিনারের আকস্মিক বিদায়ের পর তিনবারের ফ্রেঞ্চ ওপেনজয়ী জোকোভিচই ছিলেন টুর্নামেন্টের প্রধান ফেভারিট। তাছাড়া চোটের কারণে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

তবে কী হতে পারত, তা নিয়ে মোটেও ভাবছেন না জোকোভিচ। হতাশ কণ্ঠে বলেন, ‘আমি পরোয়া করি না। আপনাকে এখানেই থামিয়ে দিচ্ছি। মাত্রই তৃতীয় রাউন্ডে হেরেছি। চলুন অন্য কিছু নিয়ে কথা বলি।’

জোকোভিচের এই বিদায়ে নিশ্চিত হয়ে গেল যে, এবার ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক বিভাগে নতুন কোনো চ্যাম্পিয়ন দেখা যাবে। এর ফলে সিনার বা আলকারাজের টানা নয়টি মেজর জয়ের ধারায় ছেদ পড়তে যাচ্ছে।

চলতি মৌসুমে ফনসেকা ধারাবাহিকতার অভাবে ভুগলেও কেন তাকে নিয়ে এত আলোচনা, তা এই ম্যাচে প্রমাণ করেছেন বলে মনে করেন জোকোভিচ। তিনি বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানিয়েছি। সে জয়ের যোগ্য ছিল এবং সত্যিই দারুণ খেলেছে। নিজের এমন পারফরম্যান্সে তার গর্বিত হওয়া উচিত। আজ সবাই দেখতে পেয়েছে তাকে নিয়ে কেন এত মাতামাতি হচ্ছিল। তার খেলার মান সত্যিই অসাধারণ ছিল।’

 

Related Articles

Latest Posts