‘আমলনামা’ চলচ্চিত্রের জন্য পপুলার বিভাগে সেরা পরিচালক রায়হান রাফী

ওয়েবফিল্ম ‘আমলনামা’ নির্মাণের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ পপুলার বিভাগে সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার জিতেছেন রায়হান রাফী।

‘পোড়ামন ২’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন রায়হান রাফী। এরপর বাণিজ্যিক সাফল্য ও দর্শক-আলোচনায় জায়গা করে নেওয়া একাধিক কাজ উপহার দিয়েছেন তিনি।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘প্রেশার কুকার’, ‘অমীমাংসিত’, ‘নূর’, ‘তাণ্ডব’, ‘আমলনামা’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ ও ‘দামাল’।

‘আমলনামা’র গল্প হাসানকে ঘিরে। একসময় মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত থাকলেও অতীতের অন্ধকার অধ্যায় পেছনে ফেলে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শান্তিতে জীবন কাটাতে চায় সে। কিন্তু এক রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল লোক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে পড়ে তার পরিবার।

হাসানের স্ত্রী পারভীনকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্পের পরবর্তী অংশ। স্বামীর খোঁজে মরিয়া হয়ে ওঠে সে। এসময় তাকে উদাসীন কর্তৃপক্ষের পাশাপাশি আজিজ নামের এক প্রভাবশালী ব্যক্তির মুখোমুখি হতে হয়।

ক্ষমতার অপব্যবহার, প্রাতিষ্ঠানিক শোষণ, মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া এবং ক্রসফায়ার ও গোলাগুলিসহ বিচারবহির্ভূত কর্মকাণ্ডের নানা বিষয় উঠে এসেছে সিনেমাটিতে। ‘আমলনামা’ শব্দের অর্থ মানুষের কর্মের হিসাব বা রেকর্ড, যা সিনেমাটির মূল ভাবনার সঙ্গে সম্পর্কিত।

সিনেমাটিতে হাসান চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান কামু। তার স্ত্রী পারভীনের ভূমিকায় রয়েছেন তমা মির্জা। পুলিশ কর্মকর্তা ইমরান চরিত্রে জাহিদ হাসান এবং আজিজের ভূমিকায় গাজী রাকায়েত অভিনয় করেছেন। আরও রয়েছেন সারিকা সাবরিন, গীতশ্রী চৌধুরী, হাসনাত রিপন, এ কে আজাদ সেতু ও ইনায়া আরিয়া।

এ চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েজে এবারের সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা।

এস এম নজরুল ইসলামের সঙ্গে যুগ্মভাবে ‘আমলনামা’র চিত্রনাট্যও লিখেছেন রায়হান রাফী।

Related Articles

Latest Posts