আবেগ দিয়ে হুট করে দলে অদল-বদল আনবেন না অস্ট্রেলিয়ার কোচ

বাংলাদেশের কাছে ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক হার সহজভাবে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটভক্ত ও সাবেক তারকারা। রিকি পন্টিং ও মার্ক ওয়াহর মতো কিংবদন্তিরা তো তোপ দেগেছেন—ব্যর্থদের বাদ দিয়ে একাদশে বড় পরিবর্তন আনতে হবে। কিন্তু বাইরের এই তোলপাড়ে ভেসে যেতে রাজি নন অজি প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ম্যাকাও টেস্টের আগে আবেগ বা রাগের মাথায় দলে হুটহাট অদল-বদল না আনার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।

ম্যাকডোনাল্ডের সোজা কথা, ‘একটা ম্যাচ হেরে গেলেই আবেগপ্রবণ হয়ে সব বদলে ফেলা খুব সহজ কাজ। কিন্তু আমরা সেভাবে সিদ্ধান্ত নিই না। ঠাণ্ডা মাথায় চিন্তা করব কীভাবে সেরা একাদশ নামানো যায়। দল বদলালে যদি সত্যি ভালো কিছু হয়, তবেই কেবল সেটা করা হবে।’

ডারউইনে ব্যাটারদের পারফরম্যান্স ছিল এককথায় হতাশাজনক। ওপেনার জ্যাক ওয়েদারাল্ড দুই ইনিংসে করেছেন ২৩ ও ০। আর তিনে নামা মারনাস লাবুশানে দ্বিতীয় ইনিংসে কিছুটা ভালো খেলে আউট হয়েছেন ৩১ রানে।

লাবুশানেকে নিয়ে কোচের মূল্যায়ন, ‘৩১ রান অবশ্যই বড় কোনো রান নয়। লাবুশেন নিজেও জানে তার ব্যাটে রান নেই। কিন্তু আউট হওয়ার আগে ওকে কিন্তু চমৎকার ছন্দে দেখাচ্ছিল। প্যাড থেকে সুন্দর ফ্লিক করছিল, সোজা ব্যাটে ড্রাইভ করছিল। ওর কাজে যে উন্নতি আসছে, সেটা মাঠে বোঝা গেছে। তবে হ্যাঁ, ওর কাছ থেকে আমাদের বড় সেঞ্চুরি চাই।’

ক্যামেরন গ্রিন ছাড়া অস্ট্রেলিয়া দলের বাকি সব ক্রিকেটারের বয়সই ত্রিশের কোঠায়। হারের পর দলের বয়স আর পারফরম্যান্স নিয়ে চারপাশ থেকে সমালোচনার তির আসছে। কিন্তু কোচের বিশ্বাস, এই অভিজ্ঞ খেলোয়াড়দের এখনো দেশকে দেওয়ার অনেক কিছু আছে। কেবল ব্যাটারদের ওপরই দায় চাপাচ্ছেন না তিনি। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান তোলায় চার বিখ্যাত বোলারের সমন্বয়ে গড়া অজি বোলিং আক্রমণের দিকেও তিনি আঙুল তুলেছেন।

স্কোয়াডে ম্যাট রেনশ ও জশ ইংলিসের মতো বিকল্প ব্যাটাররা তৈরি আছেন। তবে সাবেক তারকাদের চাঁচাছোলা সমালোচনার মুখে পড়ে অজি কোচ শেষ পর্যন্ত চাপ মেনে নেবেন, নাকি অভিজ্ঞদের ওপরই আস্থা রেখে ম্যাকাওয়ে সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামবেন—তা দেখার জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় টেস্টের টস পর্যন্ত।

 

Related Articles

Latest Posts