আন্দারমানিক নদীতে ৪০ ফুট লম্বা মৃত তিমি, মাটিচাপা দেওয়া হবে তীরে

বরগুনার তালতলী উপজেলায় আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে ৪০ ফুট লম্বা একটি মৃত তিমি। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা সেটিকে উদ্ধার করে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে মৃত তিমিটি উদ্ধার করা হয়।

বন বিভাগ তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় বঙ্গোপসাগর থেকে জোয়ারের স্রোতে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে জেলেরা সেটিকে প্রথম দেখতে পায়।

এ খবর ছড়িয়ে গেলে তিমি দেখতে নদীতীরে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে উদ্ধার
করে।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট, প্রস্থ প্রায় ১৫ ফুট এবং ওজন ৫-৬ টন হতে পারে।

রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পরিদর্শন করে ৪০ ফুট মৃত তিমিটিকে নদীর পাড়ে মাটিচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার ডেইলি স্টারকে বলেন, ‘মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা নিশ্চিত হওয়া যায়নি।’

তবে বন বিভাগ জানিয়েছে, তিমিটির নমুনা সংগ্রহ করে প্রজাতি শনাক্তের বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা হবে।

তিমিটি কীভাবে মারা গেছে, তা এখনো জানা যায়নি। নমুনা পরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন 
বন কর্মকর্তা জিয়াউর রহমান।

Related Articles

Latest Posts