শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার সালমান আলী আগাকে সরিয়ে সাহিবজাদা ফারহানকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান। গত আড়াই বছরের মধ্যে এই সংস্করণে এই নিয়ে চতুর্থবার দলনেতা বদল করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ওয়ানডে দলের নেতৃত্বে বহাল রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে।
জাপানে সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পাকিস্তানের দ্বিতীয় সারির টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফারহান। সেখানে গত শনিবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
আগাকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কারণ না জানালেও পাকিস্তানের নির্বাচকরা ইঙ্গিত দিয়েছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই নতুন দল গঠনের পরিকল্পনা করছেন তারা। আগার নেতৃত্বে খেলা ৫০ টি-টোয়েন্টির ৩১টিতে জয় পেলেও চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান।
আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেজন্য ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক দুই অধিনায়ক বাবর আজম ও শাহিনকে।
গত মাসে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই ৮১ রান ও ৪ উইকেট নিয়ে চমক দেখান অলরাউন্ডার রাজাউল্লাহ। তিনি প্রথমবারের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে— উভয় স্কোয়াডেই ডাক পেয়েছেন।
এদিকে, বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি থেকে বাদ পড়া অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ানকে এবার ওয়ানডে স্কোয়াড থেকেও ছেঁটে ফেলা হয়েছে। দলের গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে বর্তমানে পাকিস্তানের সাইবার ক্রাইম এজেন্সির তদন্তের মুখে রয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আগামী ১৮ অক্টোবর থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে দলটিকে নেতৃত্ব দেবেন শাহিন।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, মুহাম্মদ ইমরান, খাজা নাফে, মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।
পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজি ঘোরি, হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

