অতীতের অনেক সময়ের চেয়ে এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এখানে খুব ক্লোজ মনিটরিং আছে। সকাল-সন্ধ্যা দৃষ্টি নিবদ্ধ রয়েছে বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি একটি পর্যায়ে রয়েছে। গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড এবার শক্ত হাতে দমন করা হয়েছে, কোনো চাঁদাবাজি সেখানে হতে দেওয়া হয়নি।’ সরকারের দৃঢ় হস্তক্ষেপে যানজট তেমন দীর্ঘস্থায়ী হতে পারেনি বলেও দাবি করেন তিনি।
কোনো দেশই রাতারাতি শতভাগ নিখুঁত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘তবে দেখতে হবে, আইনের শাসন বলবৎ আছে কি না। অপরাধ করলে তার শাস্তি হচ্ছে কি না এবং অপরাধীরা ধরা পড়ছে কি না। হয়তো অনেকেই সহজে ধরা পড়ে না, কিন্তু তার বিরুদ্ধে সরকারযন্ত্র, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, তারা সদা তৎপর রয়েছে কি না।’
ঈদের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে রিজভী ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশংসা করে বলেন, কোরবানির বর্জ্য অপসারণে তারা খুব ভালো কাজ করেছে। বেলা ১টা বা ২টার দিকে আমি দেখেছি সিটি করপোরেশনের গাড়িগুলো বিভিন্ন পাড়া-মহল্লায় ঢুকে মূল সড়কের পাশে যেখানে কোরবানি হয়েছে, সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে নিয়ে গেছে।
বর্তমান সরকার যেকোনো ঘটনা চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনারা রামিসার সেই নিপীড়নের মধ্য দিয়ে হত্যার ঘটনা জানেন। কীভাবে তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) সেখানে ছুটে গিয়েছেন, তাদের সান্ত্বনা দিয়েছেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসেছেন। আদালত অতি দ্রুত বিচার নিশ্চিত করবে, সেই বিশ্বাস আমাদের জনগণের প্রত্যেকেরই আছে।’
রিজভী অভিযোগ করেন, ‘নানাভাবে পরাজিত শক্তি তাদের কর্মকাণ্ড করে যাচ্ছে। চক্রান্তমূলক নানা হুংকার দিচ্ছে। নানা কথাবার্তা বলছে। সেগুলো সম্পর্কে জনগণ সচেতন এবং গণতান্ত্রিক শক্তি সচেতন।’
সরকারের সমালোচনা গ্রহণযোগ্য হলেও কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন, ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এ দেশের রাজনৈতিক কাঠামোর অংশ হয়ে থাকেন, তাহলে আপনারা সরকারের যেসব ভুল হচ্ছে, সেগুলো ধরিয়ে দিতে পারেন। চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এটা এ দেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা বলছি না।’
এ সময় রিজভী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে কাপড় ও শুকনা খাবার বিতরণ করা হবে। ঢাকা ও দেশজুড়ে বিএনপির বিভিন্ন ইউনিট এবং অঙ্গ-সংগঠনগুলোও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে।

