অস্ত্রোপচার টেবিলে লুকা মদ্রিচ, দুশ্চিন্তায় ক্রোয়েশিয়া

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। ঠিক এই সময়েই বাঁ দিকের গালের হাড় (চিকবোন) ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হলো লুকা মদ্রিচকে। সোমবার ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ৪০ বছর বয়সী এই এসি মিলান মিডফিল্ডারের অস্ত্রোপচার সফল হয়েছে। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় থাকা এই তারকার জন্য বিষয়টি বড় এক ধাক্কা।

গত রোববার সান সিরোতে জুভেন্টাসের সঙ্গে এসি মিলানের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সেই ম্যাচের এক পর্যায়ে জুভেন্টাস মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান মদ্রিচ। প্রচণ্ড ব্যথা নিয়ে শেষ ১০ মিনিট বাকি থাকতে মাঠ ছাড়েন তিনি। তবে মাঠ ছাড়লেও চিকিৎসা না নিয়ে খেলার শেষ পর্যন্ত বেঞ্চেই বসে ছিলেন এই ক্রোয়াট অধিনায়ক।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের চিকিৎসকরা মদরিচ ও তার ক্লাবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

ক্রোয়েশিয়ার প্রধান কোচ জলাতকো দালিচ এক বিবৃতিতে বলেন, ‘আমি লুকার সঙ্গে কথা বলেছি। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি নিশ্চিত, বিশ্বকাপে খেলার জন্য তিনি নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবেন। আমাদের পক্ষ থেকে র জন্য সব ধরনের সমর্থন থাকবে।’

ইতালিয়ান লিগ সিরি এ-তে মিলান এখন তৃতীয় স্থানে। হাতে আছে মাত্র চার ম্যাচ। এমন অবস্থায় মৌসুমের বাকি ম্যাচগুলোতে মদ্রিচকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠলেও নিরাপত্তার খাতিরে তাকে বিশেষ মাস্ক পরে খেলতে হতে পারে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে বিশ্বকাপের আসর। যেখানে গ্রুপ ‘এল’-এ ক্রোয়েশিয়ার সঙ্গে লড়বে ইংল্যান্ড, ঘানা ও পানামা।

 

Related Articles

Latest Posts