বাংলাদেশকে অল্প রানে আটকে রাখার পর জুতসই শুরু পেয়েছিলেন দুই অজি ওপেনার। তবে ট্রেভিস হেড, ম্যাট রেনশো বেশিক্ষণ থাকতে পারেননি, আবার ব্যর্থ হন মারনাশ লাবুশানে। তাসকিন আহমেদের শুরুর উইকেটের পর জোড়া উইকেট পান শরিফুল ইসলাম।
ম্যাকাইতে দ্বিতীয় সেশনে বাংলাদেশের ইনিংস ৬৪ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমে ১০ ওভারে ৩ উইকেটে ৫০ রান। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে স্রেফ ১৪ রান দূরে তার। ৬ রানে ২ উইকেট নিয়ে এখনো পর্যন্ত দলের সেরা শরিফুল।
প্রথম টেস্টে রান পাওয়া স্টিভেন স্মিথ ৬ ও ক্যামেরন গ্রিন ১ রান নিয়ে ক্রিজে আছেন।
জ্যাক ওয়েদারল্ডের জায়গায় এই টেস্টে দলে আসা রেনশো খেলতে পেরেছেন ১০ বল। তাসকিনের বলে আউটসাইড এজড হয়ে স্লিপে ধরা দেন তিনি। ৮ রান করে বিদায় নেন বাঁহাতি ব্যাটার, ২২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিক দল।
চার বাউন্ডারিতে হেড থিতু হয়ে গিয়েছিলেন। তবে এবারও স্টাম্পে বল টেনে বোল্ড তিনি। ২৭ বলে ২২ রানে হেডের বিদায়ের খানিক পর লাবুশানের বিদায় অদ্ভুতভাবে। লেগ স্টাম্পের বাইরের বল তার পা স্পর্শ করে আঘাত হানে স্টাম্পে। এবার সাফল্য আনেন শরিফুল।

