অল্প সময় খেলায় সন্তুষ্ট নয় নেইমার: ব্রাজিল কোচ

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, চলতি বিশ্বকাপে নিজের সীমিত ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন নেইমার। তবে একই সাথে দলের সেরা তারকার প্রশংসা করে তিনি বলেছেন, পুরো ব্যাপারটা নেইমার পেশাদারভাবে নিয়েছেন এবং দলের সবাই তাঁকে নিয়ে খুশি। 

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার চার ম্যাচে মাত্র একবার ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছেন, সেটিও বদলি হিসেবে। নরওয়ের বিপক্ষেও শেষ ষোলোর ম্যাচে নেইমারের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা কম। 

স্বাভাবিকভাবেই একাদশে না থাকতে পেরে হতাশ নেইমার। তবে ব্রাজিল কোচ বলেছেন, দলের সেরা তারকার মনে খেলতে না পারার অসন্তোষ থাকলেও নেইমারের আচরণে তিনি সন্তুষ্ট, ‘সে এতে খুশি নয়, কিন্তু সে খুব ভালো আচরণ দেখিয়েছে। সে সবাইকে সম্মান করতে জানে, এ কারণে দলের সবাই তাঁকে ভালোবাসে। সে কখনো নিজ মুখে বলেনি যে আমি খেলতে চাই। কিন্তু তাঁর খেলার তাড়না আছে। এবং এটা অবশ্যই ইতিবাচক দিক। কোনো খেলোয়াড়ই বেঞ্চে বসে থাকলে খুশি হবে না’। 

ব্রাজিলের স্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি দাবি করেছেন, নেইমার খেলার মতো ফিট আছেন। তবে তিনি কতক্ষণ খেলবেন এ ব্যাপারে আগের মতোই অনিশ্চিত উত্তর দিয়েছেন এই ইতালীয় কোচ, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে খেলার মতো অবস্থায় আছে। কিন্তু কতক্ষণ খেলবে এটা আমরা কেউ জানি না। মাঠে নেমে খেলার গতি নিয়ন্ত্রণ করার মতো অভিজ্ঞতা তাঁর আছে। যখনই আমি দেখব দলের তাঁকে দরকার আছে, আমি তাঁকে মাঠে নামাব’। 

নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি ব্রাজিল। মুখোমুখি হওয়া চার ম্যাচে দুই পরাজয়ের সাথে আছে দুই ড্র। ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট ম্যাচে কোনো ইউরোপীয় দলকে হারানোর নজিরও নেই ব্রাজিলের। পুরনো এই ইতিহাস এবার পাল্টাতে চায় ব্রাজিল, ‘আমরা ভালো ম্যাচ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। তারা ডিফেন্সের দিক থেকে গোছানো দল। তাদের কোচ এই দিকটায় খুব ভালো করছে। তবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমরা আগে গোল খেয়ে বসতে পারি, তবে সেটার উপযুক্ত জবাব দেয়ার জন্যও আমরা প্রস্তুত’।  

Related Articles

Latest Posts