জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ১৮ জন রাষ্ট্রীয় আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।
আজ মঙ্গলবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করা সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন—আইনজীবী মো. ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, তারিকুল ইসলাম ও মো. আসাদ উদ্দিন।
পদত্যাগ করা ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—আইনজীবী ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও মো. জাকির হোসেন।
পদত্যাগ করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলাম।
তিনি জানান, পদত্যাগ করা ১৮ জনই জামায়াতপন্থী আইনজীবী।
পদত্যাগপত্রে তারিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ ও অবস্থানের সঙ্গে মৌলিক মতপার্থক্যের কারণে আমি আর এ দায়িত্বে বহাল থাকতে পারছি না।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আমি উদ্বিগ্ন।
তারিকুল ইসলাম আরও বলেন, এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারক নিয়োগ প্রক্রিয়া ও বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষায় গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা দুর্বল হয়েছে।
‘এসব পদক্ষেপ সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগ সংরক্ষণ নিয়ে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। এ পরিস্থিতিতে আমি বিবেকের তাড়নায় আমার দায়িত্ব পালন অব্যাহত রাখতে নিজেকে অক্ষম মনে করছি। সুতরাং আমি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করছি’, বলেন তিনি।
এ বিষয়ে মন্তব্যের জন্য অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

