সাবেক শিক্ষিকার বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা

গাজীপুরে ১০ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে উম্মেল খায়ের ফাতেমা মজলিশ (৪৬) নামে ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের এক সাবেক শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২ মার্চ ২০২৬ তারিখে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ এ প্রতিষ্ঠানটির পক্ষে সিনিয়র ম্যানেজার হিসাব বিভাগ এ এফ এম ফরিদ মামলাটি দাখিল করেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, বিবাদী উম্মেল খায়ের ফাতেমা মজলিশ ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের অধীনস্থ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৫ ডিসেম্বর তিনি ফ্ল্যাট ক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকা গৃহঋণ গ্রহণ করেন। ঋণচুক্তি অনুযায়ী, এক বছর পর থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে কিস্তিতে ঋণ পরিশোধ করার কথা ছিল।

অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও তিনি কিস্তি পরিশোধ না করে বরং হিসাব বিভাগকে একাধিকবার কিস্তি স্থগিত রাখার অনুরোধ জানান। ২০২৫ সালের ২০ অক্টোবর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিলেও ঋণের অর্থ পরিশোধ করেননি। পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তিনটি লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সদুত্তর দেননি বলে মামলায় উল্লেখ করা হয়।

আরও অভিযোগ করা হয়, ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি টঙ্গী পশ্চিম থানার সাতাইশ বাজার এলাকায় পাওনা টাকার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি অর্থ পরিশোধে অস্বীকৃতি জানান এবং টাকা দাবি করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

মামলায় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ এবং ৫০৬ ধারায় হুমকি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়া এবং থানায় মামলা গ্রহণে বিলম্বের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি আদালতের শরণাপন্ন হয়েছে বলে জানানো হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন।

Related Articles

Latest Posts