বরগুনার সাবেক এমপি হিরুর ওপর হামলার অভিযোগ

বরগুনার-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ সোমবার বিকেল ৩টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গোলাম সরোয়ার হিরু ডেইলি স্টারকে বলেন, ‘আমি পাথরঘাটা বাজারে যাওয়ার সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত এসে আমাকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বাসায় চিকিৎসক এনে সেবা নিচ্ছি।’

এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ছাড়া দায়িত্বরত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে বরগুনা-২ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন।

২০১৩ সালে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন হিরু।

২০২৩ সালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন চাইলে আবারও আলোচনায় আসেন তিনি। 

Related Articles

Latest Posts