৯৬ ঘণ্টা এমএফএসে হাজার টাকার বেশি পাঠানো যাবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মে কোনো গ্রাহক ব্যক্তি লেনদেনে ১ হাজার টাকার বেশি পাঠাতে পারবেন না।  

আজ রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই বিধিনিষেধ আজ রাত ১২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারির রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত থাকবে। এমএফএস প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ বার এ ধরনের লেনদেন করতে পারবেন। ফলে দৈনিক সর্বোচ্চ লেনদেনের সীমা দাঁড়াবে ১০ হাজার টাকা।

তবে মার্চেন্ট পেমেন্ট বা ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে এমএফএস লেনদেনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে এমএফএস গ্রাহকরা এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা দিতে পারেন। এজেন্টের মাধ্যমে নগদ উত্তোলনের ক্ষেত্রে দৈনিক সীমা ৩০ হাজার টাকা।

ব্যক্তি লেনদেনে বর্তমানে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।

এ ছাড়া মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়, যেখানে এক দিনে সর্বোচ্চ ৫০টি এবং পুরো মাসে সর্বোচ্চ ১০০টি লেনদেনের সুযোগ রয়েছে।

Related Articles

Latest Posts