চট্টগ্রাম-গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামের মীরসরাই ও গাজীপুরের শ্রীপুরে পৃথক দুই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন।

মীরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে মালবোঝাই ট্রাক ধাক্কা দিলে এক নারী মাদ্রাসা শিক্ষার্থী ও এক পুরুষ মারা যান। এ ঘটনায় আরও ৩ জন আহত হন।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে মহাসড়কের বড় তাকিয়া বাজার এলাকায় যাহেদিয়া দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা মাশমুম (১৫) বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। আনুমানিক ৩৫ বছর বয়সী নিহত আরেক পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে দুজন নিহত শিক্ষার্থীর বোন এবং অপরজন অটোরিকশার চালক।

ওসি জানান, একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক ও অটোরিকশা দুটিই সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পাঠানো হয়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

এছাড়া, গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় মুঠোফোনে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। 

আজ বিকেল ৩টার দিকে ঢাকা–ময়মনসিংহ রেলরুটের শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেল পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি মরদেহটি উদ্ধার এর জন্য ঘটনাস্থলে এসেছি। পরিচয় জানার চেষ্টা করছি। কীভাবে মারা গেলেন তাও জানার চেষ্টা করছি।’ 

শ্রীপুর রেলস্টেশন মাস্টার মোছা. শামীমা দ্য ডেইলি স্টারকে জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Related Articles

Latest Posts