হ্যামস্ট্রিং চোটে ১০ সপ্তাহ মাঠের বাইরে ডরগু

প্রায় ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড প্যাট্রিক ডরগুকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ায় এই ডেনিশ ফুটবলারকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যদিও চোটের প্রকৃত মাত্রা এখনও মূল্যায়ন করছে ক্লাব। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক। 

২১ বছর বয়সী ডরগু রোববার লিগ শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে ৩–২ ব্যবধানে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে লম্বা বলের পেছনে দৌড়াতে গিয়ে চোট পান। সেই ম্যাচেই বক্সের বাইরে থেকে দারুণ হাফ-ভলি শটে গোল করেছিলেন তিনি, যা ইউনাইটেডের জয়ে বড় ভূমিকা রাখে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকলে ইউনাইটেডের পরবর্তী আটটি ম্যাচ মিস করবেন ডরগু। সেক্ষেত্রে মার্চের আন্তর্জাতিক বিরতির পর, ১১ এপ্রিল লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে।

আন্তর্বর্তীকালীন প্রধান কোচ মাইকেল ক্যারিক আর্সেনাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেছিলেন যে চোটটি গুরুতর নয় এবং ডরগু সম্ভবত ক্র্যাম্পের কারণেই মাঠ ছেড়েছিলেন। তবে সর্বশেষ আপডেটে সেই আশায় কিছুটা ভাটা পড়েছে।

ডরগুর এই চোট ইউনাইটেডের জন্য বড় ধাক্কা। সাবেক কোচ রুবেন আমোরির অধীনে মূলত উইং-ব্যাক হিসেবে খেললেও, ক্যারিকের ৪-২-৩-১ ফরমেশনে তাকে বাম উইঙ্গার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেই ভূমিকায় তিনি ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের বিপক্ষে জয়ের ম্যাচে একাদশে নেমে গোলও করেছেন।

চোটের কারণে ডরগু যোগ দিলেন সেন্টার-ব্যাক ম্যাথিয়াস ডি লিখটের সঙ্গে ইনজুরি তালিকায়। পিঠের সমস্যায় ভুগে ডি লিখট ডিসেম্বরের শুরু থেকে শেষ ১১ ম্যাচে খেলতে পারেননি।
চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে ডরগু ২২ ম্যাচে নেমে তিন গোল ও তিন অ্যাসিস্ট করেছেন। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি ইতালির লেচে থেকে ২৫ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন তিনি।

Related Articles

Latest Posts