দিনাজপুরে বাসচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

দিনাজপুর সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার নশিপুর গ্রামের দিনাজপুর–দশমাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরগামী একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং কয়েকজন গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসকর্মীরা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। অপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান ওসি।
 

Related Articles

Latest Posts