যমুনা গ্রুপের চেয়ারম্যানের নাম ব্যবহার করে আজাদের প্রভাব খাটানোর অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদী ঘিরে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, পরিবেশের ক্ষতি এবং প্রভাব বিস্তারের নানা অভিযোগ উঠছে। এসব অভিযোগের আলোচনায় রয়েছেন দৈনিক যুগান্তরের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদ।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, সাংবাদিক পরিচয় এবং যমুনা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাবিব সারোয়ার আজাদ। তাঁর দাবি, তিনি জাতীয় দৈনিকের একজন সাংবাদিক হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে পেশাগত সম্পর্ক থাকা অস্বাভাবিক নয়।

স্থানীয়দের অভিযোগ, যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ঘিরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় ছিল। তাঁদের দাবি, নদীতে পরিচালিত ড্রেজার ও বালু উত্তোলন কার্যক্রম থেকে নিয়মিত অর্থ আদায় করা হতো এবং এ ক্ষেত্রে সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে হাবিব সারোয়ার আজাদ ও তাঁর ছেলের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, পরিবেশ ও স্থানীয় জনজীবনের ক্ষতির বিষয়টি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীতে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন চলেছে। এতে নদীভাঙন বৃদ্ধি এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা ঝুঁকির মুখে পড়েছেন বলে দাবি স্থানীয়দের।

সরেজমিন তথ্য ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, নদীতে বিপুলসংখ্যক ড্রেজার ও শেইভ মেশিন ব্যবহার করে প্রতিদিন বালু উত্তোলন করা হতো। পরে বাল্কহেডের মাধ্যমে এসব বালু দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, হাবিব সারোয়ার আজাদের প্রভাবের কারণে নদীকেন্দ্রিক কার্যক্রম পরিচালনায় অনেকেই তাঁর অনুমতির ওপর নির্ভর করতেন। কেউ প্রতিবাদ করলে সংবাদ প্রকাশসহ বিভিন্নভাবে চাপ প্রয়োগের অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

আরও অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের জন্য মাঠপর্যায়ে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে অর্থ লেনদেন নিয়ে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, আদায় করা অর্থ হাবিব সারোয়ার আজাদের ছেলে শিহাব সারোয়ার শিপুর কাছে জমা হতো এবং তিনিও এ কার্যক্রমে ভূমিকা রাখতেন। গত ২ জুলাই রাজধানীর তেজগাঁও এলাকার বসুন্ধরা শপিং মল এলাকা থেকে শিহাব সারোয়ার শিপু গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

স্থানীয়দের অভিযোগ, অতীতেও হাবিব সারোয়ার আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও চোরাচালান-সংশ্লিষ্ট অভিযোগ উঠেছিল। তাঁদের দাবি, ২০২৪ সালে ভারতীয় পেঁয়াজ জব্দের একটি মামলায়ও তাঁর নাম আলোচনায় আসে। এছাড়া তাঁর ছেলে শিহাব সারোয়ার শিপুর বিরুদ্ধেও অস্ত্র ও চোরাচালানসংক্রান্ত অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয় সূত্রের। তবে এসব অভিযোগের বিচারিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, ছাতক ও দোয়ারাবাজারসহ বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার ও অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাবিব সারোয়ার আজাদ বলেন, তাঁর বিরুদ্ধে আনা অর্থ আদায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কেউ তাঁর নাম ব্যবহার করে থাকলে সেটি তাঁর জানা নেই বলেও দাবি করেন তিনি। তবে এলাকায় না যাওয়ার বিষয়টি স্বীকার করলেও পরবর্তী প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

পুলিশ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে হাবিব সারোয়ার আজাদ নিজেকে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পর্যায়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়েছেন।

পুলিশ সূত্র আরও জানায়, তাঁর ছেলে শিহাব সারোয়ার শিপু এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং ৫ আগস্ট-পরবর্তী একটি মামলার এজাহারভুক্ত আসামি।

অভিযোগে নাম আসা আলিম উদ্দিন বলেন, তিনি একজন সাধারণ মানুষ এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে তিনি স্বীকার করেন, আগে নদী এলাকায় যেতেন, যদিও কয়েক মাস ধরে সেখানে যান না।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগে যাদুকাটা নদী ঘিরে নানা অভিযোগের কথা শুনেছেন। তবে বর্তমানে নদীতে অবৈধ বালু উত্তোলন হচ্ছে না বলে জানান তিনি। অতীতের অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

যাদুকাটা নদী দেশের অন্যতম নান্দনিক সীমান্ত নদী হিসেবে পরিচিত। পরিবেশবিদ ও সচেতন মহলের মতে, নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও প্রভাবশালী চক্রের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট যে-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles

Latest Posts