সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলার চার্জশিট ৩০ মের মধ্যে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরা হত্যা মামলায় আগামী ৩০ মের মধ্যে আদালতে চার্জশিট জমা দেবে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা থেকে ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে।

তিনি বলেন, আশা করছি, ৩০ মের মধ্যে বাবু শেখকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।

গত ১ মার্চ সীতাকুণ্ড ইকো-পার্ক এলাকায় ধর্ষণচেষ্টার পর শিশু ইরাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে।

পরদিন রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্কের একটি নির্জন পাহাড়ে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে খুঁজে পান স্থানীয় নির্মাণশ্রমিকরা। গলার শ্বাসনালি কাটা অবস্থায় তারা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ শিশুটির প্রতিবেশী বাবু শেখকে (৫০) গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাকিলা সুলতানা সুচনা ডেইলি স্টারকে জানান, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট সাইমা আরেফিন হেমা। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামি বাবু শেখের সঙ্গে শিশুটির পরিবারের পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, শিশুটিকে পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয় বাবু শেখ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার অভিযোগ স্বীকার করেছে আসামি।

Related Articles

Latest Posts