বজলুর রহমান স্মৃতিপদক পেলেন দ্য ডেইলি স্টারের আহমাদ ইশতিয়াক

মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫ পেয়েছেন দ্য ডেইলি স্টারের প্রতিবেদক আহমাদ ইশতিয়াকসহ আরও দুই সাংবাদিক।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কার ও পদক তুলে দেন প্রধান অতিথি শিল্পী রফিকুন নবী।

প্রিন্ট ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরা প্রতিবেদক হন দ্য ডেইলি স্টারের আহমাদ ইশতিয়াক। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত ১২ পর্বের বিশেষ প্রতিবেদন ‘টেলস অব ফ্রিডমে’র জন্য এ স্বীকৃতি পান তিনি। বছরব্যাপী দেশের বিভিন্ন জনপদে ঘুরে প্রচারের আলোয় না আসা মুক্তিযুদ্ধের কিছু অনালোচিত অধ্যায় ধারাবাহিক ওই প্রতিবেদনে তুলে এনেছিলেন আহমাদ ইশতিয়াক।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে যুগ্মভাবে এ পদক পেয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক পার্থ সঞ্জয় ও যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ রেজা। পার্থ সঞ্জয় ‘এক কিশোরীর একাত্তরের ডায়েরি’র জন্য পার্থ এবং ‘অবহেলিত মুক্তিযুদ্ধের স্মারক’ প্রতিবেদনের জন্য আহমেদ রেজা এ সম্মাননা পান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সোহরাব হাসান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, জুরিবোর্ডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী ও মফিদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশের মানুষ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে। মুক্তিযুদ্ধের সূচনালগ্নেই পাকিস্তানি বাহিনী তিনটি সংবাদপত্রের কার্যালয় পুড়িয়ে দিয়ে ভেবেছিল মুক্তিযুদ্ধের পক্ষে জনমত স্তিমিত হয়ে যাবে। যদিও তা সম্ভবপর হয়নি। কারণ মুক্ত সাংবাদিকতাকে কখনো দমিয়ে রাখা যায় না।’

অনুষ্ঠানে মীর আশরাফুল হক রিসার্চ ফান্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যা ও শান্তি শিক্ষা প্রচারে গবেষণা প্রসারের লক্ষ্যে স্থায়ী তহবিল হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে এককালীন ১ কোটি টাকার চেক প্রদান করেন কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মবিনুল হক।

Related Articles

Latest Posts