রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রক্রিয়া শুরু করেছে। বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত জানানোর পর এই ঘোষণা এসেছে।

এক বিবৃতিতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ২৩ মে পর্যন্ত ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ক্লাবটির কর্তৃপক্ষ। তবে সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার শর্তগুলো বেশ কঠিন।

একজন প্রার্থীকে অন্তত ২০ বছর রিয়ালের সদস্য থাকতে হবে। পাশাপাশি তাকে ব্যক্তিগত সম্পদ থেকে ২১ কোটি ৯০ লাখ ডলারের ব্যাংক গ্যারান্টি দেখাতে হবে। এই গ্যারান্টির পরিমাণ ক্লাবের বার্ষিক বাজেটের ১৫ শতাংশের সমান।

গত বছরের জানুয়ারিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় টানা পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হন পেরেজ। চার বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফের নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে তিনি সবাইকে চমকে দেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর গুঞ্জন, পানি ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান ‘কক্স’-এর প্রধান এনরিকে রিকেলমে এবার পেরেজের বিপক্ষে লড়তে পারেন। তবে তিনি প্রস্তুতির জন্য আরও কিছুটা সময় চেয়েছেন।

রিকেলমের সময় চাওয়ার বিষয়টি নিয়ে পেরেজ বেশ রসিকতা করারা পাশাপাশি আত্মবিশ্বাসের সাথেই জবাব দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘২০০০ সালে যখন আমি প্রথমবার নির্বাচনে অংশ নিয়েছিলাম, তখন কোনো বাড়তি সময় চাইনি। আমি লড়াই করেছি ও জিতেছি।’

যদি ২৩ মের মধ্যে অন্য কেউ প্রার্থী না হন, তবে ৭৯ বছর বয়সী পেরেজই বিনা ভোটে আবারও সভাপতি নির্বাচিত হবেন। এর আগেও তিনি চারবার— ২০১৩, ২০১৭, ২০২১ ও ২০২৫ সালে এভাবে দায়িত্ব ধরে রেখেছিলেন।

২০০০ সালে প্রথমবার সভাপতি হয়ে রিয়ালে ‘গ্যালাকটিকো’ যুগের সূচনা করেছিলেন পেরেজ। ২০০৬ সালে পদত্যাগ করলেও ২০০৯ সালে আবারও দায়িত্বে ফেরেন তিনি। তার হাত ধরে ক্লাবটি পাঁচটি লা লিগা ও ছয়টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ বহু ট্রফি জিতেছে।

Related Articles

Latest Posts