দীর্ঘ ১৯ বছর পর ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। তবে জ্যেষ্ঠতা বজায় রাখা হলেও তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে উল্লেখ করা হয়েছে, জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের নিয়োগপ্রাপ্তদের প্রথম যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই তারিখ থেকে ভূতাপেক্ষভাবে নিয়োগ আদেশ কার্যকর হবে, তবে বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
নবনিযুক্ত এই কর্মকর্তাদের আগামী ১৮ মের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য করা হবে এবং তার নিয়োগপত্রটি বাতিল হয়ে যাবে।
২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৫৬৭ জনের ফলাফল বাতিল করা হয়েছিল।
এরপর উচ্চ আদালতের বিভিন্ন ধাপ পেরিয়ে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে চাকরিতে নিয়োগের নির্দেশ দেয়।
আদালতের সেই নির্দেশনার ধারাবাহিকতায় গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম দফায় ৬৭৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ দ্বিতীয় দফায় আরও ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হলো।

