নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের আগে তদারকি (রেকি) করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একদল সদস্য।
গত মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার নবীনগর এলাকায় এ হামলার ঘটনায় র্যাবের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে র্যাবের একটি দল সাদা পোশাকে নবীনগর এলাকায় একটি অভিযানের প্রস্তুতিমূলক তদারকি করতে যান। ওই সময় সেখানে একদল যুবক জড়ো হয়েছিল।
ওসির ভাষ্যমতে, এক পর্যায়ে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির জেরে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচজন সদস্য আহত হন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ হোসেন নামে এক স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, নবীনগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের একটি চক্র সক্রিয় রয়েছে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা মাদক পাচারকারী চক্রের সহযোগী হতে পারে।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় থানা প্রশাসন। তবে এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

