মাইকেলকে হটিয়ে বক্স অফিসের শীর্ষে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

পশ্চিমের বেশিরভাগ দেশেই শনিবার ও রোববারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে গণ্য করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রও এর ব্যতিক্রম নয়। সেই মার্কিন মুলুকে, সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষ স্থান অধিকার করেছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। 

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।   

২০ বছর আগে এই সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল। ফ্যাশন জগতের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তুমুল প্রতিযোগিতার এক চরম বাস্তব চিত্র ফুটে উঠেছিল হলিউডের সেই ব্যতিক্রমী সিনেমায়। এবারও একই ধারায় এগিয়েছে সিনেমার কাহিনী। 

প্রথম পর্বের মতো সিকুয়েলেও অ্যান হ্যাথাওয়ের চরিত্রটিকে একটি ফ্যাশন ম্যাগাজিনের একরোখা সম্পাদক মেরিল স্ট্রিপের অধীনে কাজ করতে দেখা যায়। 

গুরুত্বপূর্ণ দুই চরিত্রে ফিরেছেন এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচ্চি। পাশাপাশি আরও বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতাও এই সিনেমায় কাজ করেছেন।  

এই সিনেমাটি মুক্তি দিয়েছে প্রযোজনা সংস্থা টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স। পরিচালক হিসেবে এবারও কাজ করেছেন ডেভিড ফ্র্যাঙ্কেল। 

একজিবিটর রিলেশানস এর দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে সিনেমাটি ইতোমধ্যে ৭৭ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। 

ফ্র্যাঞ্চাইজ এন্টারটেইনমেন্ট রিসার্চের বিশ্লেষক ডেভিড এ. গ্রস বলেন, ‘এটা কোনো কমেডি ড্রামার জন্য অসামান্য ওপেনিং।’

তিনি জানান, সিনেমাটি ‘খুবই ভালো’ রিভিউ পাচ্ছে। এতে ক্ষমতা, ভাবমূর্তি ও সাফল্যের গল্প বলা হয়েছে, যা অন্য যেকোনো সময়ের এখন অনেক বেশি প্রাসঙ্গিক।’

‘ভোগ’ পত্রিকার দীর্ঘদিনের প্রধান সম্পাদক অ্যানা উইনট্যুর-এর চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয় মেরিল স্ট্রিপের চরিত্র ‘মিরান্ডা প্রিসলি’। প্রথম পর্বে ওই চরিত্রে অভিনয় করে গোল্ডেন গ্লোব জেতেন মেরিল। পাশাপাশি, অস্কারের জন্য মনোনয়নও পেয়েছিলেন। 

গত সপ্তাহে বক্স অফিসের শীর্ষে ছিল প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবনের ওপর নির্ভর করে বানানো সিনেমা ‘মাইকেল’। এ সপ্তাহে দ্বিতীয় অবস্থানে নেমেছে সিনেমাটি। তা সত্ত্বেও, ৫৪ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে ‘মাইকেল’। 

প্রথম সপ্তাহে উত্তর আমেরিকায় ৯৭ মিলিয়ন ডলারের ব্যবসা করে সিনেমাটি। বিশ্বজুড়ে এর আয় ৪২৩ মিলিয়ন ডলার। 

১২ দশমিক ১ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে ‘দু সুপার মারিও গ্যালাক্সি মুভি’। 
ভিডিও গেমস চরিত্র মারিওকে ঘিরে নির্মিত এই অ্যানিমেশন সিনেমাটি বিশ্বজুড়ে ৯০০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। 

চতুর্থ অবস্থানে ৮ দশমিক ৬ মিলিয়ন ডলার নিয়ে আছে সাই-ফাই অ্যাডভেঞ্চার কমেডি ‘প্রোজেক্ট হেইল ম্যারি।’

 

বক্স অফিসের শীর্ষ দশের বাকি অবস্থানগুলোতে আছে:

 

হোকাম (৬ দশমিক ৪ মিলিয়ন) 

অ্যানিম্যাল ফার্ম (৩ দশমিক ৪ মিলিয়ন)

লি ক্রোনিন’স মামি (২ দশমিক ২৩ মিলিয়ন)

ডিপ ওয়াটার (২ দশমিক ১৫ মিলিয়ন)

দ্যাট টাইম আই গট রিইনকার্নেটেড অ্যাজ আ স্লাইম (১ মিলিয়ন)

দ্য ড্রামা (৯ লাখ)

 

Related Articles

Latest Posts