ভারতের ওডিশার কেওঁঝর জেলায় এক আদিবাসী ব্যক্তি মৃত বোনের ব্যাংক হিসাবের টাকা দাবি করতে প্রমাণ হিসেবে তার কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পাটনা ব্লকের মালিপাসি এলাকার ওডিশা গ্রামীণ ব্যাংকে এই ঘটনা ঘটে।
জিতু মুণ্ডা (৫৫) তার দুই মাস আগে মারা যাওয়া বোন কালারা মুণ্ডার সঞ্চয় তুলতে ব্যাংকে যান। তবে ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বললে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ মুণ্ডা বোনের কবর থেকে দেহাবশেষ তুলে বস্তায় ভরে ব্যাংকে হাজির হন।
তার এই ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকরা বিস্মিত হয়ে পড়েন। পরে পুলিশ হস্তক্ষেপ করে মুণ্ডাকে সঠিক প্রক্রিয়া বুঝিয়ে দেয়।
কর্মকর্তারা দ্য হিন্দুকে জানান, সচেতনতার অভাবেই এমন ঘটনা ঘটেছে।
পরবর্তীতে তিনি দেহাবশেষ পুনরায় সমাহিত করেন।
পাটনা ব্লক প্রশাসন জানিয়েছে, ব্যাংক হিসাবের অর্থ তুলতে প্রয়োজনীয় আইনগত উত্তরাধিকার সনদ ও অন্যান্য নথি সংগ্রহে মুণ্ডাকে সহায়তা করা হবে।

