৩০০ কোটি রুপি পারিশ্রমিক, কে এই ভারতীয় অভিনেতা

ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা বলতে গেলে প্রথমেই উঠে আসে শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অক্ষয় কুমারের নাম। দক্ষিণ ভারতে এই জায়গাটি দীর্ঘদিন ধরে রেখেছেন রজনীকান্ত।

কিন্তু ২০২৬ সালে এই চিত্র বদলে গেছে। অবাক করার মতো বিষয় হলো, যিনি এই তালিকার শীর্ষে উঠে এসেছেন, গত দুই বছরে তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি!

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ভক্তদের কাছে তিনি ‘পুষ্পা ভাই’ নামেই বেশি পরিচিত।

রিপোর্ট বলছে, পারিশ্রমিকের দিক থেকে বলিউড ও দক্ষিণ—দুই ইন্ডাস্ট্রির বড় বড় তারকাকেও ছাড়িয়ে গেছেন তিনি।

জানা গেছে, একটি সিনেমার জন্য তিনি নেন প্রায় ২০০ থেকে ৩০০ কোটি রুপি। এই বিশাল অঙ্কই প্রমাণ করে, বর্তমানে তার জনপ্রিয়তা ও বাজারমূল্য কতটা উঁচুতে পৌঁছেছে।

আল্লু অর্জুনের শেষ বড় কাজ ছিল পুষ্পা: দ্য রাইজ এবং পুষ্পা ২: দ্য রুল। এই দুটি সিনেমাই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। প্রথম সিনেমা আয় করে প্রায় ৩৫০ কোটি রুপি, দ্বিতীয় সিনেমা আয় করে প্রায় ১ হাজার ৭৪২ কোটি রুপি। মোট আয় প্রায় ২ হাজার ৯২ কোটি রুপি।

‘পুষ্পা’ সিরিজ এখন ভারতের সবচেয়ে সফল চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি।

আল্লু অর্জুন ২০০ থেকে ৩০০ কোটি রুপি, শাহরুখ খান ১৫০ থেকে ২৫০ কোটি, থালাপাতি বিজয় ১৫০ থেকে ২৭৫ কোটি, আমির খান ১০০ থেকে ২৭৫ কোটি, রজনীকান্ত ১২৫ থেকে ২৭০ কোটি।

বর্তমানে আল্লু অর্জুন কাজ করছেন পরিচালক অ্যাটলি কুমারের নতুন সিনেমা রাকাতে। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে। এই সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও জাহ্নবী কাপুর। ইতোমধ্যেই প্রকাশিত ফার্স্ট লুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

সব মিলিয়ে দুটি সিনেমার বিশাল সাফল্য ও বিপুল ভক্তসমর্থনের জোরেই আল্লু অর্জুন এখন ভারতের সবচেয়ে দামি তারকা।

Related Articles

Latest Posts