আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে অপহরণ, মির্জাপুর থেকে উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, রফিকুল ইসলাম (৩৬) ফজলে রাব্বি (২৬), রেজাউল ইসলাম হৃদয় (৩১), 
সেলিম রেজা (৩৭) ও সানজিদা আক্তার রুপা (৩৫)।

আজ রোববার সকালে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পরিদর্শক (মিডিয়া) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল শনিবার গাজীপুর মহানগর পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগে বাদী শাকিল মিয়া উল্লেখ করেন, তার বড় ভাই জাকির হোসেনকে অজ্ঞাত চার-পাঁচজন ব্যক্তি টঙ্গী পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর থেকে অপহরণ করেছে।

এই ঘটনায় দায়ের হওয়া মামলায় টঙ্গী পশ্চিম থানার একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহৃত ব্যক্তি ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Latest Posts