যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ভূয়সী প্রশংসা করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দেশটিকে যুক্তরাষ্ট্রের এক ‘পরম মিত্র’ বলে উল্লেখ করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার ট্রাম্প লেখেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক পরম মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’
ইসরায়েলিদের প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘তারা সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান। সংঘাতের কঠিন সময়ে অন্য অনেকে তাদের আসল রূপ দেখালেও ইসরায়েল শক্তভাবে লড়াই করে এবং জানে কীভাবে জিততে হয়!’
ঠিক একদিন আগেই ট্রাম্প ইসরায়েলকে বলেছিলেন, লেবাননে বোমাবর্ষণ করা যাবে না এবং ‘যথেষ্ট হয়েছে, এবার থামা উচিত’। তার পরদিনই তিনি এসব মন্তব্য করলেন। অবশ্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবারও হামলা চালিয়েছে ইসরায়েল।
এদিকে ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তেহরানের মনোভাব নিয়ে তিনি বলেন, আলোচনা চললেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত কঠোর।
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ জোরদার ও পথ বন্ধের পদক্ষেপ নিয়ে ট্রাম্প বলেন, তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না।
অন্যদিকে, আলোচনার বিষয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।
তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনার আগে উভয় পক্ষকে প্রথমে একটি অভিন্ন ‘সমঝোতার কাঠামো’র বিষয়ে একমত হতে হবে।

