ঘরের মাঠে ঝড় তুলেন অভিষেক শর্মা। আইপিএলে করলেন নিজের ও দলের দ্রুততম ফিফটি। পরে সাময়িক বিপর্যয়ের পর ফিফটিতে দলকে দুইশোর কাছে নিয়ে যান হেনরিক ক্লাসেন। বুদ্ধিদীপ্ত ক্রিকেটে বোলাররা তাদের আনা পুঁজি ডিফেন্ড করে ম্যাচ জিতিয়েছেন।
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলে হাইভোল্টেজ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। স্বাগতিকদের এই রোমাঞ্চকর জয়ের প্রধান কারিগর তরুণ তুর্কি অভিষেক, যার বিধ্বংসী ব্যাটিং ঝড়ে শুরুতেই কুপোকাত হয় চেন্নাইয়ের বোলাররা।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে হায়দ্রাবাদের শুরুটা ছিল রাজকীয়। অভিষেক আজ মাঠে নেমেছিলেন অন্য মেজাজে। মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে তিনি সানরাইজার্সের ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নেন। আউট হওয়ার আগে মাত্র ২২ বলে ৫৯ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ৬টি চার ও ৪টি ছক্কায়। তার এই শুরুই হায়দ্রাবাদকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
অভিষেকের বিদায়ের পর ঈশান কিশানও দ্রুত ফিরলে হাল ধরেন ক্লাসেন। তিনি ৩৯ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে কিশানের দল। চেন্নাইয়ের পক্ষে আনশুল কাম্বোজ ও জেমি ওভারটন ৩টি করে উইকেট নেন।
১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই শুরুতেই সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে চাপে পড়ে। ম্যাট শর্ট (৩৪) ও শিবম দুবে (২১) চেষ্টা করলেও হায়দ্রাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জয় ছিনিয়ে নিতে পারেননি।
চেন্নাইকে ১৮৪ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন এশান মালিঙ্গা। তিনি ৩ উইকেট শিকার করেন। এছাড়া নীতিশ কুমার রেড্ডি ৩১ রানে ২ উইকেট নেন। শেষ ওভারে প্রফুল্ল হিঙ্গে দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করে দলের ১০ রানের জয় নিশ্চিত করেন।

